নীল খামের ডায়েরি

সকালটা আর পাঁচটা সাধারণ দিনের মতোই শুরু হয়। অ্যালার্মের কর্কশ আওয়াজে যখন ঘুমটা ভাঙে, চোখের পাতা খোলার আগেই অবাধ্য মনটা এক চিলতে চেনা হাসির খোঁজে ব্যাকুল হয়ে ওঠে। সারাদিনে কতশত বার যে তোমার কথা মনে পড়ে, তার কোনো হিসেব নেই।

রান্নাঘরে গিয়ে চায়ের কেতলিটা চাপানোর সময় আজও হাতটা কেঁপে ওঠে। চায়ের কাপে প্রথম চুমুকটা দিতে গেলেই কানে ভেসে আসে সেই চেনা কণ্ঠস্বর—যেন তুমি ঠিক পাশে বসে মিষ্টি করে বকা দিয়ে বলছ, "চিনি কম হইছে।" চিনি কম-বেশির সেই খুনসুটিগুলো আজ বড্ড বেশি স্তব্ধতা বয়ে আনে এই চার দেওয়ালে।

দুপুরের দিকে যখন কাজের প্রয়োজনে চেনা রাস্তাটা দিয়ে হেঁটে যাই, চারপাশের চেনা-অচেনা ভিড়ের মাঝে হঠাৎ যদি তোমার মতো অবয়বের কাউকে দেখি, বুকের ভেতরটা আচমকা ধক করে ওঠে। থমকে দাঁড়াই মাঝরাস্তায়। মনে হয়, এই বুঝি তুমি আগের মতো পেছন থেকে হাতটা টেনে ধরে ডাক দিবা। কিন্তু ভুল ভাঙলে দেখি, সে তো তুমি নও—অন্য কেউ।

বিকেলের দিকে যখন পশ্চিম আকাশটা আবিরের রঙে লাল হয়ে ওঠে, আমি বারান্দার রেলিংটা ধরে চুপ করে তাকিয়ে থাকি। ওই রক্তিম আকাশটা দেখলেই বুক পকেট থেকে ফোনটা বের করে একটা মেসেজ টাইপ করতে ইচ্ছে করে—"আকাশটা আজ তোমার মতো সুন্দর।"

কিন্তু উন্মাদের মতো লিখতে গিয়েও আচমকা আঙুলগুলো কিবোর্ডের ওপর থমকে যায়। বুক চিরে একটা দীর্ঘশ্বাস নেমে আসে। তখন মনে হয়, আমি কাকে মেসেজ পাঠাচ্ছি? তুমি তো আর আমার নাই। তুমি এখন অন্য কোনো আকাশের মেঘ।

আসল যুদ্ধটা শুরু হয় রাত বাড়লে। যখন চারপাশের আলো নিভে যায়, পৃথিবীটা গভীর ঘুমে তলিয়ে যায়, ঠিক তখনই আমার জেগে থাকার প্রহর শুরু হয়। বালিশটা চোখের জলে ভিজে ভারী হয়ে ওঠে, আর আমি অন্ধকারের দিকে তাকিয়ে গুনতে বসি—আজকে তোমারে ঠিক কতবার মনে পড়লো?

কিন্তু সেই গুনে ওঠার সাধ্য আমার নেই। গুনতে গিয়েও গোনা শেষ হয় না। কারণ আমি বুঝতে পারি, আমার প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা ধড়কনে তুমি মিশে আছ। তোমাকে খুব বলতে ইচ্ছে করে—আমি তোমারে ভুলতে চাই নাই, ভুলতেও পারি নাই। তুমি ছাড়া আমার দিন শুরু হয় ঠিকই, কিন্তু তুমি ছাড়াই আমার দীর্ঘ রাতগুলো শেষ হতে চায় না।

এই যে বুকের ভেতরটা প্রতিনিয়ত দুমড়ে-মুচড়ে যাওয়ার তীব্র যন্ত্রণা, এটা তুমি বুঝবা না কখনো। হয়তো কোনোদিন বোঝার চেষ্টাও করোনি।


শেষ কথা:

ভালো থেকো তুমি, নিজের মতো করে। শুধু মাঝে মাঝে যদি সময় পাও, তবে একটু মনে রেখো—এই পৃথিবীর বুকে এমন একটা মানুষ আজও বেঁচে আছে, যে তোমারে সারাদিনে হাজার বার মনে করে। যার প্রতিটা অপূর্ণ গল্পে আজও শুধু তোমারই নাম লেখা থাকে।


সংগৃহীত